সামসুল আলম: আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে নেতাকর্মীদের নিয়ে সালাহউদ্দিন আহমেদ জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন এবং প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময়ে বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক যুবদল সভাপতি সাইফুল আলম নিরবসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।সালাহউদ্দিন আহমেদ বলেন, সমগ্র বাংলাদেশে আসনভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলেছি, এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই বার্তা দিতে চাই, যাতে দলের ভেতরে ঐক্য থাকে, জাতির মধ্যে ঐক্য থাকে। যাদের সঙ্গে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনী বৈতরণী পার হতে পারি।
তিনি বলেন, প্রার্থীদের কাছে আমাদের বার্তা একটাই বিভেদ নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে। জাতির মধ্যে ঐক্যটাই হচ্ছে আমাদের বড় শক্তি। সেই ঐক্য বজায় রাখার জন্য কেউ যাতে বিভেদের পথে না যায় সেই বার্তাটা আমরা প্রার্থীদের দিচ্ছি।
সালাহউদ্দিন বলেন, যুবকদের নিয়ে, তারুণ্যের ভাবনা নিয়ে আমরা যে বর্তমানে বাংলাদেশ বির্নিমাণের স্বপ্ন দেখি, সেটাকে আমরা ৩১ দফায় ধারণ করেছি এবং সারা দেশের তরুণ-যুবকদের রাজনৈতিক ভাবনাকে আহরণ করার জন্য আমরা সারা দেশ সফর করেছি। তাদের রাজনৈতিক ভাবনা গ্রহণ করে সামনের দিনে জাতি বিনির্মাণে কীভাবে সেটা বাস্তবায়ন করতে পারি, সেই লক্ষ্যে আমরা কর্মসূচি প্রণয়ন করছি।তিনি বলেন, ইনশাআল্লাহ এই দেশ একটি তারুণ্যনির্ভর বাংলাদেশ হবে, যুবকদের কর্মসংস্থান নির্ভর বাংলাদেশ হবে, যুবক ও তারুণ্যের চিন্তা-চেতনানির্ভর, প্রযুক্তিনির্ভর, মেধানির্ভর বাংলাদেশ বিনির্মাণ হবে। যেই স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন, যেই স্বপ্ন জুলাই-গণ-অভ্যুত্থানের শহীদরা দেখেছিলেন, যেই স্বপ্ন মুক্তিযুদ্ধের শহীদরা দেখেছিলেন। সুতরাং তরুণ-যুবকদের ভাবনা, তাদের রাজনৈতিক ভাবনাকে, তাদের চিন্তা-চেতনাকে আমরা আত্মস্থ করেই সামনের দিকে এগিয়ে যাবো।
পরে দুপুরে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষজনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।




