স্টাফ রিপোর্টার : দেশজুড়ে ৩২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে।একই সঙ্গে প্রশংসা পাচ্ছেন সিনেমার শিল্পীরা।
দর্শক চাহিদা বাড়ায় বিভিন্ন মাল্টিপ্লেক্সে ছবিটির শো সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। স্টার সিনেপ্লেক্সে চারটি শো দিয়ে যাত্রা শুরু করা ‘মালিক’ বর্তমানে ১২টি শোতে প্রদর্শিত হচ্ছে।
সিনেমার প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার স্টার সিনেপ্লেক্সের পান্থপথ শাখায় উপস্থিত ছিলেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম।সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনেমা ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন শুভ।
আলোচনার একপর্যায়ে ‘মালিক’ সিনেমায় তার মেশিনগান ব্যবহারের প্রসঙ্গ উঠে আসে। এ বিষয়ে অভিনেতা জানান, তিনি নিজেও শুরুতে পরিচালককে মেশিনগান ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত কেন এটি রাখা হয়েছে, সে বিষয়ে পরিচালক সাইফ চন্দনই ভালো ব্যাখ্যা দিতে পারবেন বলে মন্তব্য করেন তিনি।




