
মনোয়ার হোসেন মুন্না:
নিলামের টেবিলে চেন্নাই সুপার কিংসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৬৮ লাখ টাকা) মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু আইপিএলের বল মাঠে গড়ানোর আগেই নোংরা পরিস্থিতির মুখে পড়তে হলো ফ্র্যাঞ্চাইজিটিকে। ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির মুখে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারকে আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছে কলকাতা। এখন প্রশ্ন উঠেছে, মুস্তাফিজের জন্য বরাদ্দ করা ওই ১২ কোটি টাকার কী হবে? নিয়ম কী বলছে?
সাধারণত কোনো খেলোয়াড় ইনজুরিতে পড়লে বা ব্যক্তিগত কারণে সরে দাঁড়ালে ফ্র্যাঞ্চাইজি অর্থ ফেরত পায় না। কিন্তু মুস্তাফিজের বিষয়টি ‘ফোর্স মেজর’ বা নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতি হিসেবে বিবেচিত হচ্ছে। যেহেতু কেকেআর বা মুস্তাফিজ কেউ স্বেচ্ছায় চুক্তি বাতিল করেননি, বরং বিসিসিআই সরকারি ও নিরাপত্তা ইস্যুতে হস্তক্ষেপ করেছে, তাই আইপিএলের নিয়ম অনুযায়ী কেকেআর মুস্তাফিজকে কোনো অর্থ দিতে বা চুক্তির শর্ত পূরণে বাধ্য নয়। অর্থাৎ, না খেলে কোনো পারিশ্রমিক পাচ্ছেন না ফিজ।



