ফারুক হোসেন মজুমদার : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর বার্ষিক ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইতালির রোমের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা দিয়েছেন।
প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সফরসূচি অনুযায়ী, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন। এ ছাড়া তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এসব আলোচনায় খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য দূরীকরণ এবং টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রাধান্য পাবে।
উল্লেখ্য, ওয়ার্ল্ড ফুড ফোরাম জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যেখানে বিশ্বের নীতিনির্ধারক, গবেষক এবং উদ্যোক্তারা একত্রিত হয়ে ভবিষ্যতের খাদ্য ব্যবস্থা নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। এবারের ফোরামটি ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ইতালির রোমে এফএওর প্রধান কার্যালয়ে।
প্রধান উপদেষ্টার এই সফরকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্রিয় কূটনৈতিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখা হচ্ছে।
সফর শেষে আগামী ১৫ অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।




